খেলতে খেলতে পড়া... পড়তে পড়তে খেলা...
গত ২৮ ফেব্রুয়ারি , ২০২৬ জাতীয় বিজ্ঞান দিবসে, জীবন শিক্ষা পরিষদের আয়োজনে, রাধানগর বাঁকুড়া জেলার রাধানগর গ্রামে অনুষ্ঠিত হলো হাতে-কলমে বিজ্ঞান শীর্ষক একটি হাতে কলমে বিজ্ঞান শিক্ষার একটি শিবির। রাধানগর ও জয় কৃষ্ণপুরের বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী ছাত্রছাত্রীরা এই শিবিরে অংশগ্রহণ করে।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক, মেদিনীপুর কলেজ সেন্টার ফর সাইন্টিফিক কালচার ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচার্সের অন্যতম ব্যক্তিত্ব প্রফেসর ডঃ সুভাষচন্দ্র সামন্ত।
পরাধীন ভারতবর্ষের বিজ্ঞানী সি ভি রমন তাঁর বিখ্যাত গবেষণা উক্ত দিনে প্রকাশ করেন। সেই দিনটিকে স্মরণ করে গোটা দেশে এই তিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে উদযাপিত হয়।
প্রাঞ্জল ভাষায় সি ভি রমনের কাজের গুরুত্ব এবং ওনার নোবেল পাওয়া কাজের পেছনের বিজ্ঞান , মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের মতো করে প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেন প্রফেসর সুভাষচন্দ্র সামন্ত মহাশয়।
এর পাশাপাশি, হাতে-কলমে কয়েকটি পরীক্ষা ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে করা হয়।
একটি স্কেলের সাহায্যে, একটি জানা ভর থেকে অজানা ভরের বস্তুর ভর মাপার একটি সুন্দর পরীক্ষা তিনি পরিবেশন করেন। সামান্য প্লাস্টিকের নল ব্যবহার করে কীভাবে তরলের সমোচ্চশীলতা ধর্ম থেকে শুরু করে গভীরতা বৃদ্ধির সাথে সাথে তরলের চাপ বৃদ্ধির মান নির্ণয় করা সম্ভব এবং একই সাথে বয়েলের সূত্র বোঝার পাশাপাশি তার গাণিতিক প্রয়োগ যাচাই করা সম্ভব তা পরিবেশিত হয় হাতেকলমে বিজ্ঞান শিক্ষার আসরে ।
মানিক লাল সিংহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেখা ঝারিমুণ্যা বলেন - “ ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে বিজ্ঞান শেখানোর প্রবল ইচ্ছা ৮২ বছরের প্রফেসর সুভাষ সামন্ত মহাশয় কে সুদূর মেদিনীপুর থেকে নিয়ে এসেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের রাধানগর গ্রামে। শুধু তাই নয় তিনি এখন ছুটে চলেছেন বাংলার বিভিন্ন জেলায় এমনকি বিভিন্ন রাজ্যে। বিজ্ঞানের টানে। এমন এক মহান মানুষের সান্নিধ্যে আমরা শিখে চলেছি অনেক কিছু ।
আমরাও যেন ওনার মত বিজ্ঞান কে ভালোবেসে , ছাত্রছাত্রীদেরকে হাতে-কলমে বিজ্ঞান শিখতে আগ্রহী করে তুলতে পারি। এখন নাম্বারের পেছনে দৌড়াতে দৌড়াতে , সঠিকভাবে বিজ্ঞান শেখার পদ্ধতিমালায় থেকে যাচ্ছে এক ভয়ানক ঘাটতি। সেই ঘাটতি মেটাতে আমাদের সকলকে উদ্যোগী হতে হবে। “
জীবন শিক্ষা পরিষদের সভাপতি সৌম্য সেনগুপ্ত বলেন “ আমরা চাইবো যে প্রফেসর সুভাষ সামন্ত মহাশয়ের কাছ থেকে আমাদের যা কিছু পাওয়ার সেগুলো আমরা যেন বুকে করে আগলে রাখতে পারি এবং আগামী দিনে ছড়িয়ে দিতে পারি ছাত্র-ছাত্রীদের মধ্যে । তার জন্য আমরা প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বিকেলে এই বিজ্ঞান শিক্ষার আসর শুরু করলাম।
ছাত্র-ছাত্রীরা তাদের পাঠক্রমের নানা পরীক্ষা-নিরীক্ষা এখানে হাতে-কলমে করতে পারবে।
প্রফেসর সুভাষচন্দ্র সামন্ত তথে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচারস্, এর তত্ত্বাবধানে ইংরেজি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে তাদের পাঠক্রমের বিজ্ঞানের নানান পরীক্ষা-নিরীক্ষা র আসর অনুষ্ঠিত হবে।
উপস্থিত অভিভাবিকা পারমিতা ঠাকুর বলেন “ এই উদ্যোগে এলাকার ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে !”
এই আসরে অংশ নিতে চাইলে ক্লিক করুন এই লিংকে - https://forms.gle/4zHGdSN2hGveMNJp7